• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দাম বাড়লেও কমেনি ভিড়, বরিশালের পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ১৪:২৭ অপরাহ্ণ
দাম বাড়লেও কমেনি ভিড়, বরিশালের পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন কমছেই না। রোববার সকাল থেকে তেল নিতে নগরীর পাম্পগুলোতে ভিড় করছেন যানবাহন চালকরা।

বর্তমানে নগরীর হাতে গোনা কয়েকটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এসব পাম্পে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে—মোটরসাইকেলে ৩০০ টাকা, মাহিন্দ্রায় ৫০০ টাকা এবং প্রাইভেটকারে ১ হাজার টাকার তেল দেওয়া হচ্ছে।

হঠাৎ করে অকটেন ২০, পেট্রোল ১৯ এবং ডিজেল ১৫ টাকা বেড়ে যাওয়ায় বাড়তি ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। তারা জানান, দাম বাড়লেও এখনো লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে তাদের। আর যাত্রী পরিবহনের যানবাহন চালকরা জানান, তেলের দাম বাড়লেও ভাড়া এখনো বাড়াননি তারা।

বর্তমানে বরিশালের পেট্রোল পাম্পগুলোতে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।