• ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তালতলীতে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ২১:৪৬ অপরাহ্ণ
তালতলীতে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের একপর্যায়ে পাল্টা ছুরিকাঘাতে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের বাবা পলাতক আছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সফিক হাওলাদার (২৮) ওই এলাকার ঝালমুড়ি বিক্রেতা হারুন হাওলাদারের (৫০) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি তিনবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি।

মাদকসংক্রান্ত একটি মামলায় গত ৭ অক্টোবর কারাগারে যান তিনি এবং ১০ ডিসেম্বর জামিনে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় সফিক মাদকের টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করেন।

সোমবার দুপুরে টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি বাবাকে মারধর করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে কাঁচা মরিচ কাটার একটি ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন বাবা হারুন হাওলাদার।

ছুরিকাঘাতে গুরুতর আহত সফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত বাবা পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহতের মা রাসেদা বেগম বলেন, ‘সফিক আমাদের একমাত্র সন্তান। অনেক চেষ্টা করেও তাকে নেশা থেকে ফেরানো যায়নি। মাদকের টাকা না পেলে প্রায়ই আমাদের মারধর করত।’

এ বিষয়ে তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাদকাসক্ত ছেলের মারধরের একপর্যায়ে বাবা ছুরি দিয়ে আঘাত করেন।

অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।