আকতারুল ইসলাম আকাশ,ভোলাঃ মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামের হোটেল ব্যবসায়ী মামুনের ছোট ছেলে শিশু নাঈম হোসেন (৬) কে অপহরণ করার সময় ৩ অপহরনকারীকে আটক করেছে জনতা।
শিশু নাঈমের বাবা মামুনকে জানান, মঙ্গলবার বেলা আনুমানিক ৩টার সময় তার ছেলে শিশু নাঈম হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে নিখোঁজের সংবাদে পাতারহাট বন্দরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয় এবং মেহেন্দিগঞ্জ থেকে ঢাকাগামী বিভিন্ন লঞ্চে সংবাদ দেওয়া হয়।
এমন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী লঞ্চ এমভি কর্নফুলী-১ এ জনতার হাতে শিশু নাঈম সহ ৩ যুবক আটক হয়। পরে অপহরণকারী ৩ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
লঞ্চে থাকা যাত্রী মাকসুদুর রহমান জিলাদার মুঠোফোনে বাংলার কন্ঠকে জানান, কালিগঞ্জ থেকে অপহরণ করা শিশু নাঈমকে নিয়ে ৩ অপহরণকারী লঞ্চে উঠে। পরে শিশুটির কান্নাকাটি দেখে যাত্রীরা তাকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে অপহরণকারীরা যাত্রীদেরকে কোন প্রশ্ন না করার জন্য বাঁধা দেয়। অপহরণকারীদেরকে সন্দেহ হলে লঞ্চে থাকা আনসার সদস্য ও কেরানী মিলন তাদেরকে আটক করে লঞ্চে বেঁধে রাখেন। পরে সকালে ঢাকা সদরঘাটে লঞ্চ ঘাট করলে পুলিশকে খবর দেন লঞ্চ কতৃপক্ষ।
আটককৃতরা হলেন, মেহেন্দিগঞ্জ চরহোগলা গ্রামের বেল্লাল সিকদার (১৯), রবিউল সিকদার (২৩) ও চানপুর ইউনিয়নের কোলচরী গ্রামের রিগান হোসেন (২২)।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মজিবুর রহমানের গণমাধ্যমকে জানান, শিশু নাঈম সহ ৩ অপহরণকারীকে ঢাকা কোতোয়ালী থানায় আটক রাখা হয়েছে। তাদেরকে মেহেন্দিগঞ্জ থানায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।