• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০১৯, ১৯:২৮ অপরাহ্ণ
শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা

বিডি ক্রাইম ডেস্ক ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ১৭টি জেলা পরিষদের ২০ জন নবনির্বাচিত সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন। রবিবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ সূত্র জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের নাম বাংলাদেশ গেজেটের ১ আগস্টের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী, সুনামগঞ্জ, নড়াইল, বরিশাল, মেহেরপুর, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কুড়িগ্রাম, ঢাকা ও দিনাজপুর জেলা পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ১৫ জন্য সদস্যের পদত্যাগ এবং বরগুনা, রংপুর, সিরাজগঞ্জ, মাগুরা ও বগুড়া জেলা পরিষদের পাঁচজন সদস্যের মৃত্যুজনিত কারণে পদগুলো শূন্য হয়েছিল।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের। এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খান, অতিরিক্ত সচিব মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চসিক কাউন্সিলর আরিফুল ইসলামের শপথ
একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এ.কে. এম আরিফুল ইসলামকেও শপথবাক্য পাঠ করান বলে জানা গেছে।

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণ যে বিশ্বাস ও আশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন সে লক্ষ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’