হবিগঞ্জের মাধবপুরে বুকে বল্লম দিয়ে আঘাত করে বড় ভাই এরশাদ আলীকে (৫০) খুন করেছে তার ছোট ভাই বাচ্চু মিয়া (৪০)। বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরশাদের মৃত্যু হয়। এ খবর জানার পর বাড়ি থেকে পালিয়েছে বাচ্চু। এরশাদ ও বাচ্চু মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্টবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম রাজু জানান, বুধবার দুপুরে এক ভাই নাসির উদ্দিনের বাড়ি তৈরির জন্য স্তূপ করে রাখা বালু নিয়ে যাচ্ছিল বাচ্চু মিয়া। এ সময় তাদের বাবা মর্তুজ আলী এসে বারণ করলে বাচ্চু বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন। বিষয়টি দেখে এরশাদ আলী এগিয়ে এসে মর্তুজা আলীকে সেখানে থেকে নিয়ে যেতে চান। এ সময় ক্ষিপ্ত হয়ে বাচ্চু মিয়া এরশাদ আলীর বুকে বল্লম দিয়ে আঘাত করে। গুরুতর আহতাবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে এরশাদের মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ভাইয়ের মারা যাওয়ার খবর পেয়ে বাচ্চু বাড়ি থেকে পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয়রা জানান, ওই পরিরবারের ৬ ভাইয়ের ৬ জনই প্রবাসী। এর মাঝে এরশাদ ছিলেন ব্রুনাই। বাচ্চু মিয়াসহ অন্যান্যরা সৌদি আরব, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে থাকতেন। বেশ কিছুদিন আগে এরশাদ ও বাচ্চু বাড়ি ফেরেন।