আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ ॥
বাবুগঞ্জে বৃহস্পতিবার শিশুসহ নতুন আরও ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ। এ নিয়ে বাবুগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। নতুন আক্রান্তরা হলেন- রাকুদিয়া গ্রামের ৯ বছরের শিশু রাহাত ফরাজী, আগরপুর গ্রামের বৃদ্ধ মোসলেম মোল্লা (৭০), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় মিজানুর রহমান খান (৫৩), ওই চিকিৎসা কেন্দ্রের ক্লিনার মেহেরুল ইসলাম (২৪) এবং ক্লিনার আল-আমিন (২৫)।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসাদ আদনান উপল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোট ১২ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাবে (করোনা পরীক্ষাগার) পাঠানো হয়। রাতে তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ স্টাফের শরীরে কোভিড-১৯ সংক্রমণের পজেটিভ রিপোর্ট আসে।
করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়া বাকি দুজনের মধ্যে রাকুদিয়া গ্রামের শিশুটির নমুনা সংগ্রহ করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সংক্রমিত অপর বৃদ্ধের নমুনা ল্যাবে পাঠান বরিশালের ডাঃ মাসুম আহমেদ। এর আগে সোমবার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স নাজমুন নাহার, চতুর্থ শ্রেণির কর্মচারী আবুল কালাম এবং ভর্তি রোগী হেলেনুর বেগমের শরীরে প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনই হাসপাতাল লকডাউন করা হয়।