বরিশালের বানারীপাড়া উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের ১৬ দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই মামলার একমাত্র আসামি আরিফ সরদারকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে বিকেলে আদালতে সোপর্দ করে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম আসামিকে কারাগারে প্রেরণ করেন। আরিফ উপজেলার বড় চাউলাকাঠী এলাকার বাল্কহেড শ্রমিক।
ধর্ষণের শিকার কিশোরী জানান, গত ১০ আগস্ট রাতে পাশ্ববর্তী গোয়াইল বাড়ি এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত আরিফ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পরিবারের অন্য সদস্যরা ঘটনাটি জেনে ২১ আগস্ট তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সেখান থেকে কিশোরীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
৮ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে সুস্থ হয়ে বাড়ি ফিরে আরিফকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করে ওই কিশোরী।
বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান বাংলাদেশ জার্নালকে জানান, মামলাটি তদন্ত করার জন্য পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মদকে দায়িত্ব দেয়া হয়েছে। ওইদিন বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় চাউলাকাঠি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আসামিকে।