• ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে অস্ত্র, মাদক ও ২০ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫, ২২:২৬ অপরাহ্ণ
বরিশালে অস্ত্র, মাদক ও ২০ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ এক নারীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিএমপি পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিএমপি সূত্র জানায়, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এসআই মো. রাশিক মুরাদ অভির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল মোবাইল-৩ ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন বিসিসি ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানে মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী শিল্পি বেগম (৩৮)–এর একতলা টিনসেট বাড়ি থেকে ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২৫০ মিলিলিটার মদ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকেই শিল্পি বেগমকে গ্রেপ্তার করে। তবে তার স্বামী মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪২) পলাতক রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শহরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।