বরগুনা প্রতিনিধি ॥
বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) বরগুনার বিশেষ শাখার পুলিশ সুপারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বলা হয়, তদন্ত শেষে ২৪ জনকে অভিযুক্ত করে রবিবার এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এছাড়াও মামলার প্রধান আসামি বন্ধুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। তারা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি।
গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।