• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরগুনার আরেক নয়ন বন্ডকে গ্রেফতার করল পুলিশ

admin
প্রকাশিত জুলাই ২০, ২০১৯, ১৮:০৩ অপরাহ্ণ
বরগুনার আরেক নয়ন বন্ডকে গ্রেফতার করল পুলিশ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার একই জেলার বামনা উপজেলায় আরেক যুবককে প্রকাশ্য দিবালোকে কোপানোর চেষ্টা চালিয়েছেন আরেক যুবক। শুক্রবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বামনা থানার অদূরে উপজেলার সদর রোডের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদর রোড এলাকার মো. মতিন হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (২৫) প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করেন মো. হাসিব (২১) নামে আরেক যুবককে। এ ঘটনার খবর পেয়ে বামনা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করে। এ সময় সোহেলের কাছ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

হামলায় বেঁচে যাওয়া মো. হাসিব জানান, হামলাকারী সোহেল হাওলাদারের সঙ্গে বিকেল ৫টার দিকে বাকবিতণ্ডা হয় তার। এ সময় দুজনে উত্তেজিত হলে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে দুজনে স্থান ত্যাগ করে চলে যান। ঘটনার আধাঘণ্টা পরে তিনি বামনা সদর রোডে মসজিদের কাছে আসলে হামলা চেষ্টাকারী সোহেল একটি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে তার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তিনি পালিয়ে প্রাণে বেঁচে যান।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, ‌কোন অঘটন ঘটার আগেই পুলিশ অভিযান চালিয়ে হামলা চেষ্টাকারীকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কাল (আজ শনিবার) আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।