• ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নেশার টাকা না দেয়ায় ছেলের হাতে মা খুন

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯, ১৭:৩২ অপরাহ্ণ
নেশার টাকা না দেয়ায় ছেলের হাতে মা খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে রুবেল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে মুক্তাগাছা পৌরশহরের ঈশ্বরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুরে মারা যান ওই মা। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

নিহত মায়ের নাম রোকিয়া বেগম (৬৫)। তিনি ওই এলাকার আবুল কালামের স্ত্রী।

এলাকাবাসী জানান, আবুল কালামের তিন ছেলে। তার মধ্যে মেজ ছেলে রুবেল (২৮) মাদকাসক্ত। সম্প্রতি সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বুধবার সকালে নেশার টাকা চেয়ে না পেয়ে মা রোকিয়া বেগমকে পেছন থেকে দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা রোকিয়া বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুরে তিনি মারা যান।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে রুবেলকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।