• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নওগাঁয় প্লাস্টিকের গুদামে আগুন

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০১৯, ১৩:৫৫ অপরাহ্ণ
নওগাঁয় প্লাস্টিকের গুদামে আগুন

নওগাঁ শহরের ডাবপট্টি বাজার মহল্লায় একটি প্লাস্টিকের আসবাবপত্রের ৫ তলা গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানি না হলেও আগুনে প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে গুদাম মালিকের দাবি। আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্লাস্টিকের গুদাম হিসেবে ব্যবহৃত শহরের ডাবপট্টি মহল্লার পাঁচতলা ওই ভবনটির মালিকের নাম মজনু কাওসার। তিনি আরএফএলসহ কয়েকটি কোম্পানির স্থানীয় পরিবেশক। ভবনের দ্বিতীয় ও তৃতীয় ও পঞ্চম তলায় তিনি বিভিন্ন প্লাস্টিক সামগ্রীর গুদাম হিসেবে ব্যবহার করতেন। নীচের তলায় তার শোরুম। চতুর্থ তলায় মজনু পরিবার নিয়ে বসবাস করতেন।

সোমবার দুপুর সোয়া ২টার দিকে ভবনের পঞ্চম তলাতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরেই ভবনের বাসিন্দারা নিরাপদে বের আসতে সক্ষম হলেও ভবনে থাকা মালামাল পুড়ে যায়। আগুন লাগার পরপরেই খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে নেভাতে গিয়ে নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ম্যান (অগ্নি নির্বাপণ কর্মী) ফারহান আলী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সংবাদ পেয়ে তিনি ফায়ার সার্ভিসকে খববটি জানিয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনা স্থলে আসেন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা হয়। সেখানে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।

ভবন মালিক মজনু কাওসার বলেন, আগুনে পুড়ে তার প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি।

তিনি জানান, আগুনের রেলিহান শিখা এতোটাই ছিলো যে গুদামে সংরক্ষিত অগ্নি নির্বাপক দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে তিনি ব্যর্থ হন।

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) এ কে এম মোরশেদ জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর এই আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি হয়নি। মালামালের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুন লাগার খবর পেয়ে নওগাঁ সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন জলিল (জন) ও অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও রকিবুল আখতার, নওগাঁ পৌর সভার মেয়র নজমুল হক সনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেছেন, অগ্নিকাণ্ডের ভয়াবহতা ব্যাপক ছিল। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় অতি অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক, অতিরিক পুলিশ সুপার মো. রকিবুল আকতার এবং ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মোরশেদকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।