• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫, ১৮:২৫ অপরাহ্ণ
ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মো. মাহাবুব ওরফে বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাহাবুব মোড়েলগঞ্জ উপজেলার খারাইখালী গ্রামের মৃত ইছাহক মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে একটি পিকআপযোগে গাঁজা ইন্দুরকানীর দিকে আনা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা পিকআপটি থামিয়ে পুলিশকে খবর দেন।

এ সময় মাহাবুব গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে এবং জিয়ানগর-চন্ডিপুর মহাসড়কের পাশের করবস্থানে পলিথিনে মোড়ানো ১৩ কেজি গাঁজা ফেলে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে পিকআপসহ তাকে গ্রেফতার করে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. আহসান কবির বলেন, স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।