বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি অনুষ্ঠিত হয়। পরে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়, এর সঙ্গে নগরবাসীকেও সম্পৃক্ত হতে হবে। নিজেদের বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে মশার বিস্তার রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নগরকে পরিচ্ছন্ন রাখতে এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বরিশাল সিটি কর্পোরেশন নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. লোকমান হাকিম, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই-ইলাহী, বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন এবং বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বরিশাল সিটি কর্পোরেশন ভবিষ্যতেও নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ডেঙ্গুমুক্ত বরিশাল গড়ে তোলা সম্ভব।