• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের আহ্বায়ক নিহত

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১৭:৩৪ অপরাহ্ণ
বরগুনায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের আহ্বায়ক নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চৌধুরী মারুফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কৃষক দলের আহ্বায়ক এবং পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরীর ছেলে।

রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক। এর আগে শনিবার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন চৌধুরী মারুফ। তিনি পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টার নামক এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনার শিকার হন।

এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে এদিন রাতে বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া নামক এলাকায় তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, উপজেলা কৃষক দলের নেতার সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।