• ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দক্ষিণে গ্যাস দেবেন না: বিশ্বব্যাপী কর্ম দিবসে কলাপাড়ায় নৌবহর কর্মসূচি

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ১৬:২৬ অপরাহ্ণ
দক্ষিণে গ্যাস দেবেন না: বিশ্বব্যাপী কর্ম দিবসে কলাপাড়ায় নৌবহর কর্মসূচি

তানজিল জামান জয় , কলাপাড়া॥ গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্ম দিবস–২০২৫ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় “দক্ষিণে গ্যাস দেবেন না” শ্লোগানে নৌবহর কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় আন্ধার মানিক নদীতে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী–এর যৌথ উদ্যোগে এই নৌবহর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নৌকা র‌্যালির মাধ্যমে স্লোগান প্রদর্শন, ব্যানার ও প্লাকার্ড নিয়ে আয়োজিত এই কর্মসূচি চলে প্রায় দুই ঘণ্টা। এতে নদীর পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে নৌবহর।

কর্মসূচিতে বক্তব্য রাখেন—কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ ও নাজমুস সাকিব প্রমুখ ।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া পরিবেশ ও মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলবে। তারা গ্যাস সম্প্রসারণ বন্ধ ও সকল ধরনের জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান।