• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমু গ্রেফতারে ঝালকাঠিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ১৮:১৪ অপরাহ্ণ
আমু গ্রেফতারে ঝালকাঠিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর গ্রেফতারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ খবর ঝালকাঠিতে ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমসহ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছে জেলার সাধারণ মানুষ।

বিকেলে জেলা আইনজীবী সমিতি চত্বরে আনন্দ মিছিল করে জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আনন্দ মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা বলেন, আমির হোসেন আমু এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ অত্যাচার চালিয়েছে।

পরে জেলা যুবদল নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু ও শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, তাতি দলের সভাপতি বাচ্চু হাসান খানসহ আরও অনেকে।