আমতলী প্রতিনিধি॥ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের মধ্য আঙ্গুলকাটা গ্রামে মঙ্গলবার সকালে সাপের কামড়ে রেজিমন বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রেজিমন ওই গ্রামের আর্শ্বেদ হাওলাদারের স্ত্রী।
ধারনা করা হচ্ছে রাসেলস ভাইপার সাপের কামড়ে ওই গ্রহবধূর মৃত্যু হয়। এঘটনার পরপরই ওই গ্রাম জুরে এখন রাসেল ভাইপার সাপ আতঙ্কে ভূগছে গ্রামবাসী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার খুব ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আর্শ্বেদ হাওলাদারের স্ত্রী গৃহবধূ রেজিমন বেগম (৫০) পুকুর ঘাটে যান ওযু করার জন্য।
ওযু শেষে পা ধোয়ার সময় আকস্মিক রেজিমনের পায়ে সাপে কামড় দেয়। এসময় তার ডাক চিৎকার শুনে স্বজনরা ছুটে গিয়ে দেখেন রেজিনার পায়ে সাপের কামড়ের দাগ।
এবং মাটিতে শুয়ে গরাগরি দিচ্ছে। এর কিছুক্ষনের মধ্যেই রেজিনা বেগম অজ্ঞান হয়ে পরেন। তাৎক্ষনিক স্বজনরা তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
রেজিমন বেগমের স্বামী আর্শ্বেদ হাওলাদার বলেন, ফজরের নামজ পড়ার জন্য আমার স্ত্রী ঘাটে যান ওযু করার জন্য এসময় তাকে সাপে কামড় দেয়।
তার ডাকচিৎকার শুনে আমরা পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখি সে মাটিতে শুয়ে গরাগরি দিচ্ছে। তাৎক্ষনিক তাকে আমরা উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।
খুব অল্প সময়ে তার মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে বিষাক্ত রাসেলস ভাইপার সাপে কামড় দিয়েছে। মধ্য আঙ্গুলকাটা গ্রামে বাসিন্দা মো. আব্দুস ছোবান বলেন, সাপের কামরে এক গৃহবধূর মৃত্যুর পর এই গ্রামে এখন রাসেল ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর গ্রামের কোন লোকজন এখন আর ঘরের বাইরে থাকে না।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, এই সময়ে একটু সাপের আতঙ্ক বেশী থাকে তাই সকলকে সাবধানে চলাফেরা করতে হবে।