বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে মো. খলিলুর রহমান খান নামে এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছে জেলা নির্বাচন কমিশন। এতে আজ মঙ্গলবারের মধ্যে ওই প্রার্থীকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। গতকাল সোমবার বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ করা হয়।

এতে বলা হয়, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে মনোনয়নপত্র অনলাইনে দাখিল করেন মো. খলিলুর রহমান খান। এরপর গতকাল রোববার বেতাগী বাজারে মিছিল ও শোডাউন করেন তিনি। যা একাধিক সামাজিক মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমান তার ব্যাক্তিগত Md. Khalilur Rahman Khan নামে ফেইসবুক আইডি থেকে শোডাউনের ভিডিও এবং ছবি পোস্ট করেন। যা পরবর্তীতে ভাইরাল হয়। এরপর বিষয়টি নজরে আসে জেলা রিটানিং কর্মকর্তার।

মনোনয়নপত্র দাখিলের পর এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। জেলা রিটানিং কর্মকর্তার প্রেরিত কারণদর্শানো পত্র থেকে জানা গেছে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আজ মঙ্গলবারের (২৩ এপ্রিল) মধ্যে জেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।