• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুজিব শতবর্ষের ঘর দলিল হাতে ঘরের সামনে শিউলি, দখলদাররা রয়েছে ঘরের ভিতরে

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৭, ২০২৪, ১৬:৫২ অপরাহ্ণ
মুজিব শতবর্ষের ঘর দলিল হাতে ঘরের সামনে শিউলি, দখলদাররা রয়েছে ঘরের ভিতরে

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা): আগামীকাল মহান স্বাধীনতা দিবস। বাঙ্গালী জাতি বিভিন্ন ভাবগাম্ভীর্যের মধ্যে এ দিবসটি পালন করবে। এদিকে বরগুনার বেতাগীতে মুজিব শতবর্ষের আবাসনের ঘর ভূমিহীন শিউলি বেগম পেলেও দখলদারের কাছে পরাধীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শিউলি বেগম। গত বছরের আগষ্ট মাসে ভূমিহীন শিউলি ও তার স্বামী রুবেল আকন নামে বরগুনার বেতাগী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঝোপখালী এলাকায় মুজিব বর্ষের একটি ঘরের দলিল হয়। তবে দীর্ঘদিন পর দলিল বুঝে পেলেও স্থানীয় দখলদারত্বের জন্য ঘর পাওয়ার আকুতি নিয়ে বাঁচতে হচ্ছে শিউলির। একাধিকবার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) এর কাছে গিয়েও মেলেনি সুরাহা। ভূমি অফিসের তহশিলদার ও সার্ভেয়ার বুঝিয়ে দিতে গিয়ে ফিরেছেন লাঞ্ছিত হয়ে। তারা এতোটাই বেপরোয়া যার ভয়ে ভুক্তভোগী শিউলি বেগমসহ এলাকায় কেহ কথা বলার সাহস পায় না। গত বছরের ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বেতাগী উপজেলায় চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) মোট ৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।

এর মধ্যে ১২টি ঘর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঝোপখালী এলাকায় নির্মাণ করা হয়। ১২টি ঘরের ১১ টি ঘরের চাবি ও দলিল দেয়া হয়। যাদের মধ্যে শিউলি বেগম তিন মাস পর জমির দলিল হাতে পেলেও এখনো ঘর বুঝে পাননি। ভুক্তভোগী শিউলি বেগম বলেন, ঝড় তুফানে পলিথিন এর নিচে থাকছি। একবার ঘরে উঠছি স্যারেরা আইসা নামাইয়া দিয়েছে। ঘুরতে ঘুরতে দলিল পাইলেও এ্যাহন ঘরে উঠতে দেয় না। স্যারেগো কাছে এই চাইর মাস ধইরা যাই আর আই, হেরাও কয়েকবার আইছে কিন্তু কির লইগা যে মোরে মোর ঘরে উঠাইয়া দেয়না আল্লাহ ভালো জানে।’ সরেজমিনে গিয়ে দখলদারদের সাথে কথা বলার চেষ্টা করলে দখলদার উজ্জলের স্ত্রী বলেন, ঘর বানানোর পর থেকেই এইহানে আছি । ঘর না দেওয়া পর্যন্ত মোরা এ্যাহান েেথইক্কা নামমু না।’ সুরাহা না দিতে পারার বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, দলিল যার নামে হয়েছে ঘর তাকেই বুঝিয়ে দেওয়া হবে। এতে কোনো ধরনের অবহেলা নয়। দুই-একদিনের মধ্যেই শিউলির ঘর বুঝিয়ে দেওয়া হবে।’ মেইলে ছবি আছে: ছবির ক্যাপশন: বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবাসনের দলিল হাতে শিউলি বেগম এবং তার পিছনে ঘরে দখল করে বসে আছে উজ্জ্বলের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা।