বিডি ক্রাইম ডেস্ক ॥ ছেলেকে উদ্ধারে ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদীতে ঝাঁপ দেওয়া লিটন সিকদার নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকালে তার মরদেহ নলছিটি উপজেলার চাঁনপুরা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
এর আগে রাজাপুর উপজেলার পালট এলাকার নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা।
মৃত লিটন সিকদার নলছিটি উপজেলার চাঁনপুরা গ্রামের আবদুল আজিজ সিকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, লিটন সিকদার তার ৬ বছর বয়সের ছেলে রামিন সিকদারকে নিয়ে রোববার (১৮ আগস্ট)বিকেলে ইলিশ মাছ ধরার জন্য নৌকায় করে বিষখালী নদীতে যায়। মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়। ছেলেকে উদ্ধারের জন্য বাবা নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনা দেখে অন্য জেলেরা এসে ছেলেকে উদ্ধার করতে পারলেও বাবা নদীতে ডুবে নিখোঁজ হয়। তিনদিন ধরে স্বজনরা নদী তীরে খুঁজে বেড়ায় নিখোঁজ জেলেকে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।