• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫, ১৭:৪৮ অপরাহ্ণ
ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে চরফ্যাশন সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি’র মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের সভাপতি সালমান রহমান সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, দপ্তর সম্পাদক কামাল গোলদার, যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি, ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণও কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা। এখানে প্রাকৃতিক গ্যাস, মাছ, কৃষি ও পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও সেতুর অভাবে বিনিয়োগ ও শিল্প উন্নয়ন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সম্প্রতি যোগাযোগ উপদেষ্টার ‘ভোলা–বরিশাল সেতু হচ্ছে না’ মন্তব্যে দ্বীপবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে সেতু নির্মাণের ঘোষণা না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। ভোলার উন্নয়ন ও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভোলা–বরিশাল সেতু নির্মাণ এখন সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।