• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ধামাচাপা দেওয়ার চেষ্টা

বেতাগীতে স্কুল শিক্ষার্থীর পা ভেঙে দিলেন প্রধান শিক্ষক

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯, ১৮:২৯ অপরাহ্ণ
বেতাগীতে স্কুল শিক্ষার্থীর পা ভেঙে দিলেন প্রধান শিক্ষক

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥
বরগুনার বেতাগীতে স্কুলে না যাওয়ার অপরাধে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. সাব্বিরের বাসায় গিয়ে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন চিন্তাহরণ শিকদার মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক। আহত শিক্ষার্থীেেক বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

জানা গেছে, উপজেলার বেতাগী সভার ৬ নং ওয়ার্ডে প্রাইভেটভাবে পরিচালিত চিন্তাহরণ শিকদার মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মো. সাব্বির হোসেন গত শনি ও রোববার স্কুলে অনুপস্থিত ছিল। শিক্ষার্থীর মা লাকি আক্তার অভিযোগ করেন, ঘটনার সময় ওই স্কুলের প্রধান শিক্ষক বাদল শিকদার রোববার বিকেলে শিক্ষার্থীর বাসায় গিয়ে ক্ষিপ্ত হয়ে তার স্কুলে না যাওয়ার কারণ জানতে চান। এক পর্যায়ে হঠাৎ ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক তার মায়ের সম্মুখেই ওই শিক্ষার্থীর উপড় ঝাপিয়ে পড়ে তাকে লাঠি পেটা করেন। এ সময় সাব্বিরের মা এতে বাঁধা দিলে তাকেও ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় প্রধান শিক্ষক বাদল শিকদার।

আহত শিক্ষার্থীর পরিবার অভিযোগ করেন, প্রধান শিক্ষক বাদল শিকদার এসেই চেয়ার আর খাটের ওপর তার পা রাখেন এর পর নির্দয়ভাবে তার ওপর উঠে দাঁড়ালে পাটি ভেঙে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে । তাকে উদ্ধারের পর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাহেরা বেগম কালের কন্ঠকে জানান, ‘সাব্বিরের পায়ে ফ্যাকচার হয়ে অসুস্থ হয়েছে। ’তবে অভিযুক্ত প্রধান শিক্ষক বাদল শিকদার জানান,‘ শুধু চড়-থাপ্পড় দেওয়া হয়েছে। তাছাড়া আর কিছুই করা হয়নি। ’এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ইতেমধ্যে বেতাগী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া জানান,‘ অভিযোগ পৌছার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বেতাগী থানা পুলিশকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। ’এ দিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে এমনই অভিযোগ রয়েছে।