• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে আগামীকাল ভারী বর্ষণের আশঙ্কা

admin
প্রকাশিত জুলাই ৮, ২০১৯, ২১:৪৬ অপরাহ্ণ
বরিশালে আগামীকাল ভারী বর্ষণের আশঙ্কা

বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ সারাদেশে ভারী বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ফলে ঢাকাসহ কয়েকটি বিভাগীয় অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে মঙ্গলবার পর্যন্ত দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারী (>৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে।

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানান, এখন বর্ষাকাল, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার থেকে দক্ষিণে সামান্য কমবে, তবে উত্তরে বৃষ্টি হবে আরও কয়েক দিন। আগামী ১০-১১ জুলাইয়ের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

তিনি জানান, বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশের সর্বোচ্চ সীতাকুণ্ডে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।

এছাড়াও এ সময়ে চট্টগ্রামে ৭২ মিলিমিটার, সন্দ্বীপে ৯৪ মিলিমিটার, রাঙামাটিতে ৫৮ মিলিমিটার, মাইজদীকোর্টে ৩০ মিলিমিটার, সিলেটে ২৯ মিলিমিটার, খেপুপাড়ায় ৪২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়।