• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরগুনার তালতলীতে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৪, ২০২৪, ১৫:৩৭ অপরাহ্ণ
বরগুনার তালতলীতে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

আমতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজানপাড়া গ্রামে সোমবার রাতে অগ্নিদগ্ধ হয়ে জুনায়েদ (৫) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে বইছে শোকের মাতম। জুনায়েদ অঙ্কুজানপাড়া গ্রামের মো. সালাম গাজীর ছেলে। জুনায়েদের মৃত্যুর খবরে শুনে বড়ভাই জুবায়েরও অসুস্থ হয়ে এখন তালতলী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ও তালতলী উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজান পাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং গেট এলাকায় মো. সালাম গাজীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যাক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘরে কেরোসিনের কুপি জ্বালিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান জুনায়েদের মা কুলসুম বেগম।

কিছুক্ষণ পরে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে ঘরে ঘুমিয়ে থাকা শিশু জুনায়েদ অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘর থেকে আগুনে পোড়া শিশু জুনায়েদের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিস থেকে ঘটনাস্থলের দুরত্ব মাত্র ৪ কিলোমিটার হলেও সেখানে তারা প্রায় ৫০ মিনিট পর হাজির হন।

তালতলী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. বদিউজ্জামান বিলম্ভে উপস্থিত হওয়ার অভিযোগ অস্বীকার করে করে বলেন, নির্বাচন জনিত কারনে সড়কে লোকজন থাকায় সামান্য বিলম্ব হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান মিলন বলেন, অগ্নি দুর্ঘটনায় ঘর পুড়ে দগ্ধ হয়ে জুনায়েদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।#