• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাথরঘাটা পৌরসভায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রকাশ্যে চলছে টোল আদায়

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৪, ১৭:১৬ অপরাহ্ণ
পাথরঘাটা পৌরসভায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রকাশ্যে চলছে টোল আদায়

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার পাথরঘাটা পৌরসভায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে পৌর টোল আদায় করা হচ্ছে। টার্মিনাল ছাড়া সড়ক ও মহাসড়কে কোনো টোল আদায় করা যাবে না এ মর্মে হাইকোর্টের দেওয়া নির্দেশ অমান্য করে বরগুনার পাথরঘাটায় আদায় করা হচ্ছে পৌর টোল।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে সরেজমিনে পাথরঘাটা পৌর শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড ও তালতলা রাস্তায় দাঁড়িয়ে প্রতিটি যাত্রীবাহী বাস, পরিবহন, ট্রাক, ট্রলি, মাহেন্দ্রা, টমটম, পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইক থেকে নির্ধারিত হারে পৌর টোল আদায় করতে দেখা গেছে।

টার্মিনাল ছাড়া সড়ক বা মহাসড়ক থেকে কোনো প্রকার টোল উত্তোলন না করার জন্য সকল সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়। হাইকোর্টের আদেশে টার্মিনাল ব্যতীত সড়ক ও মহাসড়ক থেকে কোনো প্রকার টোল আদায় করা যাবে না বলে উল্লেখ করা থাকলেও হাইকোর্টের ওই নির্দেশ অমান্য করে এখনো প্রকাশ্যে সড়ক ও মহাসড়কে দাঁড়িয়ে প্রতিটি যানবাহন থামিয়ে পৌর টোল আদায় করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকাগামী দূরপাল্লা রুটে চলাচলকারী একাধিক পরিবহনের সুপারভাইজাররা জানান, শুনেছি হাইকোর্টের আদেশে টার্মিনাল ব্যতীত সড়ক ও মহাসড়কে যানবাহন দাঁড় করিয়ে কোনো প্রকার টোল আদায় করা যাবে না। কিন্তু সেই আদেশ অমান্য করে প্রতিদিন পাথরঘাটা থেকে আমাদের দূরপাল্লার প্রতিটি পরিবহন থেকে প্রতিদিন ১০০ টাকা করে আদায় করা হচ্ছে।

তালতলা দাঁড়িয়ে অভ্যন্তরীণ রুটে চলাচলরত যাত্রীবাহী বাস ও অন্যান্য চলাচলের গাড়ি থেকে পৌর টোল আদায়কারী মো. ইমাম হোসেন জানান, টোল আদায় বন্ধ করার জন্য পৌরসভা থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই এখনো পৌর টোল আদায় বন্ধ হয়নি।

অপরদিকে, পাথরঘাটা উপজেলার অভ্যন্তরে চলাচলরত ব্যাটারিচালিত ইজিবাইক, মাহেন্দ্রা, টমটম, পিকআপ, টেম্পু ও ভাড়ায় চালিত প্রতিটি মোটরসাইকেল থেকে প্রতিদিন ১৫ টাকা করে পৌর টোল আদায় করা হচ্ছে।

ইজিবাইকচালক রুহুল আমিন বলেন, গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই পৌরটোল ১৫ টাকা দিতে হবে বাধ্যতামূলক। আমাদের নেই কোনো স্ট্যান্ড অথচ পৌর টোল না দিলে গাড়ি চালাতে পারি না আমরা।

এ বিষয়ে পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, টার্মিনালের বাইরে কোনো প্রকার টোল আদায় করা যাবে না বলে মৌখিকভাবে আদায়কারীদের বলা হয়েছে।