• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নলছিটিতে ৫৮০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছেন সাইদুল এন্টারপ্রাইজ

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২২, ২০২৪, ১৬:৩১ অপরাহ্ণ
নলছিটিতে ৫৮০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছেন সাইদুল এন্টারপ্রাইজ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥সারাদেশে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি ৭৩০-৭৫০ টাকা। সেখানে পবিত্র রমজান মাস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে প্রতিকেজি গরুর মাংস ৫৮০ টাকায় বিক্রি করে আলোচনায় এসেছেন সাইদুল ইসলাম শামিম নামে এক ব্যবসায়ী। কম দামে মাংস বিক্রির খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই দোকানে ভিড় বেড়েছে ক্রেতার। শুক্রবার  (২২ মার্চ) বেলা ১১ টায় উপজেলার  মানপাশা বাজারে  সাইদুল এন্টারপ্রাইজে এ চিত্র দেখা যায়। সরেজমিন দেখা যায়, কম দামে গরুর মাংস বিক্রি করার খবরে অনেকে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন এখানে। তাদের কে একটি করে স্লিপ দেওয়া হচ্ছে। আর জনপ্রতি আধা কেজি থেকে ২ কেজি মাংস নিতে পারছেন।

ফয়রা এলাকার কাঠমিস্ত্রি রফিকুল ইসলাম বলেন,যেখানে সবাই ৭৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছে সেখানে সাইদুল ভাই আমাদের ৫৮০ টাকা কেজি ধরে মাংস দিচ্ছেন। আমরা বাজারের চেয়ে ১৭০ টাকা কমে মাংস নিতে পারছি। নলছিটি পৌরশহর থেকে আসা ব্যবসায়ী শাহাদাত আলম ফকির বলেন,রমজান মাসে গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়ে  কম দামে মাংস বিক্রি করছে এরজন্য তাকে সাধুবাদ জানাই। প্রত্যেক মুসলমানদের নিজ নিজ জায়গায় থেকে রমজান মাসে সহানুভূতিশীল হওয়া উচিত। এ বিষয়ে ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে  ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছি।আমারা কোন লাভের আশায় মাংস বিক্রি করছি না এতে যদি নিম্ন আয়ের মানুষের কিছুটা উপকার হয় তাতেই আমরা খুশি।আমরা রমজান মাসের প্রতি শুক্রবার ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবো।