• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঝালকাঠির সেই নরসুন্দর শেফালী রানীকে জমি ও ঘর দিলেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯, ২০:৫০ অপরাহ্ণ
ঝালকাঠির সেই নরসুন্দর শেফালী রানীকে জমি ও ঘর দিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির কাঁঠালিয়ার নরসুন্দর শেফালী রানীকে জমি ও ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি কাঁঠালিয়ার দোগনা গ্রামে গিয়ে শেফালী রানীর হাতে জমির দলিল তুলে দেন।

তাকে চার শতাংশ জমিতে তিনলাখ টাকা ব্যয়ে একটি একতলা ভবন করে দেওয়া হবে। জমি ভবন নির্মাণের সুসংবাদ শুনে শেফালী রানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শেফালী রানীর দুরাবস্থার কথা গণমাধ্যমে তুলে ধরায় বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। প্রত্যন্ত গ্রামের মানুষের খবর রাখেন প্রধানমন্ত্রী। তার নির্দেশে শেফালী রানীকে চার শতাংশ জমি ও একটি ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে। পরে দোগনা বাজারে সুধিজনদের সঙ্গে মতবিনিময় করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালায়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহামুদুর রহমান রিপন।

এদিকে শেফালীর বাড়িতে এসে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবেনা । আর সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে শেফালী রানীকে সরকারের পক্ষ থেকে ৪ শতাংশ জমি এবং তিনটি বেডরুম ও কিচেন এবং বাথরুম-টয়লেটসহ ঘর তৈরি করে দেয়া হচ্ছে। আজ জমির দলিল হস্তান্তর করা হল । আগামী ৭ দিনের মধ্যেই ঘর তৈরির কাজ শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমে সংবাদ দেখেই প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন। আর এতে প্রমাণিত হয়, শেখ হাসিনা একজন মানবতাবাদী মানুষ একজন মানবতাবাদী প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সরকার কল্যাণমুখি সরকার।

এদিকে জমির দলিল পেয়ে ভূমিহীন নরসুন্দর শেফালী রানী ও তার ছেলে-মেয়েরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেফালী ও তার পরিবারসহ এলাকাবাসীও।

১৫ বছর আগে স্বামী নিরুদ্দেশ হওয়ার পর অসহায় হয়ে পড়েন শেফালী রানী শীল (৫০)। এ অবস্থায় পাঁচ ছেলে মেয়ের লেখাপড়া ও সংসার চালানো দায় হয়ে পড়ে তাঁর। বাধ্য হয়ে স্বামীর পেশাকে বেছে নিলেন তিনি। সেই থেকে ১৫ বছর ধরে পুরুষের চুল দাড়ি কাটছেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দোগনা গ্রামের শেফালী রানী। দোগনা বাজারে এক প্রবাসীর ঘরের বারান্দায় তিনি সেলুন দেন। এ কাজেই চলছে তার ছয় সদস্যর সংসার। সামান্য আয়ে অভাব অনটনের মধ্যে কেটে যাচ্ছিল তার দিন।

পরে প্রতিমন্ত্রী ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতনিময় করেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মঙ্গলবার বেলা ১টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খরিলুর রহমান। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মহসীন, ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ সভাপতি মো: আককাস সিকদার ও সাধারণ সম্পাদক মানিক রায়। প্রেসক্লাবের সদস্যরা ঝালকাঠি প্রেসক্লাবের ইতিহাস ঐতিহ্যের বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন।

এসময় মন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকার গণমানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা নিয়ে এবং টেকসই উন্নয়নের লক্ষমাত্রা মাথায় রেখে দেশকে মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই ক্ষেত্রে তিনি সাংবাদিকদের কাছে সকল ধরনের সহযোগিতা করার আহবান জানান।