• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতার ১৪ বছরের কারাদণ্ড

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ২০:৩৪ অপরাহ্ণ
ঝালকাঠিতে অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতার ১৪ বছরের কারাদণ্ড

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনকে অস্ত্র মামলায় ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৮ মার্চ বিকেলে ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন।

রোববার (৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত সৈয়দ হাদিসুর রহমান মিলন পূর্ব চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ২০২০ সালে ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন ফ্ল্যাট থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করে পুলিশ। রায় ঘোষণার সময় আসামি হাদিসুর রহমান পলাতক ছিলেন।

জানা গেছে, ২০২০ সালের ১৫ জানুয়ারি রাত দেড়টায় ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন সৈয়দ টাওয়ারের তৃতীয় তলার ফ্ল্যাটে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রান্না ঘরের তাক থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করে। এ ঘটনায় ১৬ জানুয়ারি ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অস্ত্র আইনে হাদিসুর রহমানকে আসামি করে একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান একই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আটজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে এ রায় প্রদান করেন।

আসামিপক্ষের আইনজীবী মল্লিক নাসির উদ্দীন কবীর বলেন, আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করা হয়েছে। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন বলেন, আদালত সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিকে সাজা প্রদান করে ন্যায়বিচার নিশ্চিত করেছেন।