• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গভীর রাতে মাঝ নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৭, ১৬:১০ অপরাহ্ণ
গভীর রাতে মাঝ নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকার সদর ঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালে আসার পথে এমভি সুন্দরবন-১১ লঞ্চ মাঝ নদীতে দুর্ঘটনার কবলে পরেছে। চাঁদপুর সংলগ্ন পদ্মা নদীতে বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী এমভি স্বর্ণদ্বীপ লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও সংঘর্ষের সময় যাত্রীরা জীবন রক্ষায় এদিক সেদিক ছোটাছুটি করেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সুন্দরবন লঞ্চের একাধিক যাত্রীরা জানান, দুটি লঞ্চে কমপক্ষে দেড় হাজার যাত্রী ছিলো। দুর্ঘটনার শিকার এমভি সুন্দরবন-১১ লঞ্চের মাস্টার জাহাঙ্গীর আলম জানান, সাত থেকে আটশত যাত্রী নিয়ে তাদের জাহাজটি রাত নয়টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। রাত সাড়ে ১১টার দিকে জাহাজটি চাঁদপুর সংলগ্ন পদ্মা নদীতে আসার পর কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিলনা। ফলে বিপরীত দিক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়া এমভি স্বর্ণদ্বীপ লঞ্চটির সাথে সুন্দরবন লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পরেছিল। ওইসময় প্রায় আধা ঘণ্টা লঞ্চটি নদীর তীরে নোঙর করে রাখা হয়েছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল অফিসের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, খোঁজ নিয়ে জেনেছেন দুটি লঞ্চের তেমন কোন ক্ষতি বা যাত্রী হতাহতের খবর নেই। যে কারণে লঞ্চ দুটি নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে।