• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আগামী নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : মেজর হাফিজ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬, ২১:২৩ অপরাহ্ণ
আগামী নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : মেজর হাফিজ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ আওয়ামী লীগের ১৬ বছরে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে দলের মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন পৌরশহরের শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে উপজেলার হিন্দু সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে গণতন্ত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন, সবাই ভোটকেন্দ্রে যাবেন। বাংলাদেশকে যারা সুখী-সমৃদ্ধির দেশে পরিণত করবে, সেই দলের ব্যক্তিকে আপনারা প্রতিনিধি হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে।

শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সভাপতি নীরব কুমার দে’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।