• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোলায় লকডাউন ও সামাজিক দুরত্ব মানছে না কেউ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ণ
ভোলায় লকডাউন ও সামাজিক দুরত্ব মানছে না কেউ

আকতারুল ইসলাম আকাশ,ভোলা॥ প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সমগ্র বাংলাদেশকে ঝুকিপূর্ণ ঘোষণা করার পরেও ভোলায় বিভিন্ন অযুহাতে বাড়ির বাইরে ঘোরাফেরা করছে অনেকে। মানছে না লকডাউন।

বিশেষ করে শহরের চকবাজার, সদর রোড, নতুন বাজার ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কাঁচাবাজারসহ শহরের বিভিন্ন এলাকায় পায়ে হেটে ও মোটরসাইকেলে চড়ে ঘোরাফেরা করছেন অনেকেই। তবে সংক্রমণ মোকাবেলায় বসে নেই পুলিশ ও জেলা প্রশাসন।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এনায়েত হোসেন জানান, সদর থানা পুলিশের সদস্যরা কয়েকটি টিমে বিভক্ত হয়ে প্রতিদিন পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লা ও ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সরকার ও স্বাস্থ্য বিভাগের সচেতনতা মূলক বার্তা পৌঁছে দিচ্ছেন। সকাল থেকে রাত দশটা পর্যন্ত টহল টিম কাজ করছে।

 

এ ছাড়া ভোলার প্রবেশদ্বার ইলিশা সড়ক ও ভেদুরিয়া সড়ক এলাকায় ২৪ ঘণ্টা পাহারা দিয়ে অন্য জেলা থেকে কোন যাত্রীবাহি গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরপরও অনেকেই লকডাউন না মেনে অহেতুক বাইরে বের হচ্ছেন।

ভোলা সিভিল সার্জন ডা. রতন কুমার ডালি বলেন, সামাজিক দূরত্ব না মেনে ভিড় জমিয়ে চলাচলের কারণে ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। নিজে ও পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে সকলকে আরো সচেতন হওয়া প্রয়োজন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে না চললে বিপদ ঘটতে পারে।

জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে বার বার নির্দেশনা দেয়া হচ্ছে। এর পরেও কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে সমস্যা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থ্যা গ্রহণ করা হবে।