• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেনাপোল থেকে আসা ফেন্সিডিল বরিশালে জব্দ : আটক ২

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ১৬:২১ অপরাহ্ণ
বেনাপোল থেকে আসা ফেন্সিডিল বরিশালে জব্দ : আটক ২

বিডি ক্রাইম ডেস্ক ॥ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতেও থেমে নেই মাদক ব্যবসা। বরং পুলিশের চোখে ফাঁকি দিয়ে চেষ্টা চলছে অবৈধ মাদক মজুদ এবং বিক্রি কার্যক্রম।

 

তবে করোনা মহামারি থেকে জনগণকে নিরাপদ রাখতে দিন-রাত পরিশ্রমের পরেও মাদকের জিরো টলারেন্স নীতি থেকে এক চুল সরে আসেনি পুলিশ। বরং মাদককে নিমুল করতে তাদের নজরদারী আরও বৃদ্ধি করা হয়েছে।

 

যার বড় প্রমান বরিশালের বানারীপাড়া উপজেলায় ৫২০ বোতল ফেন্সিডিলের চালনসহ দুই মাদক কারবারি আটকের ঘটনা। দিনভর করোনা নিয়ে দায়িত্ব পালনের মধ্যেই সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিপুল পরিমান ফেন্সিডিলের চালান জব্দ করে বানারীপাড়া থানা পুলিশ।

 

এই ঘটনায় আটককৃত দুই মাদক কারবারি হল- যশোরের বেনাপোল থানার বুত্তিপাশা গ্রামের আব্দুর রউফের ছেলে মনিরুজ্জামান (২৮) ও যশোর কোতয়ালী থানার দত্তপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬)। এই ঘটনায় বানারীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ জানায়, ‘সোমবার রাতে বানারীপাড়ার চাখার ইউনিয়নের ছোট ভৈৎসর গ্রামে একটি পিকআপ ভ্যান দেখতে পেয়ে টহল পুলিশের সন্দেহ হয়। এসময় টহল টিমের নেতৃত্বে থাকা এএসআই মহসিন ও কনষ্টেবল রফিকুল ইসলাম ওই এলাকার মিয়া বাড়ীর জামে মসজিদের সামনের পাকা রাস্তার ওপর ওই পিকআপ ভ্যানের গতিরোধ করে চালকসহ দু’জনকে জিঙ্গাসাবাদ করেন।

 

এক পর্যায়ে তারা দু’জন স্বীকার পায় গাড়ির ভিতরে বিশেষ কায়দায় তারা ফেন্সিডিলের চালান নিয়ে এসেছে। ওই ফেন্সিডিল তারা মাদক ব্যবসায়ী হুমায়ুনের লোকের কাছে পৌঁছে দিতে ঘটনাস্থলে এসেছিলো বলে জানায়।

 

এসময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হয়। বিষয়টি এএসআই মহসিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পালকে জানালে তিনি ও উপ-পরিদর্শক মো. রিয়াজ ঘটনাস্থলে গিয়ে জনসন্মুখে ওই পিকআপ ভ্যানের পিছনের চালি খুলে বিশেষ কায়দায় রাখা ৫২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

 

পাশাপাশি পিকআপ ভ্যানসহ ওই দু’জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যপারে মঙ্গলবার সকালে উপ-পরিদর্শক মো. রিয়াজ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি শিশির পাল।

 

এ ব্যপারে চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার জানান, ওই পিআপ ভ্যান আটক করার পরে ছোট ভৈৎসর গ্রামের সোহাগ একই এলাকার ওয়ার্কসপ মালিক মনিরকে মুঠোফোনে কল দিয়ে ওই পিআপ ভ্যান তরমুজ নিতে এসেছে জানিয়ে তা ছেড়ে দিতে বলেন।

 

তিনি আরও জানান, সোহাগ চাখার বাজারে ‘সোহাগ ফার্মেসী’ নামে ওষুধ ব্যবসার অন্তরালে মূলত মাদক ব্যবসা করে। এর আগে সে মাদকসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবাসও করেছে। উদ্ধার হওয়া ওই ফেন্সিডিল সোহাগ ও পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার নারায়ণপুর এলাকার তার ভগ্নিপতির হতে পারে বলে ধারনা ইউপি চেয়ারম্যানের।

 

এদিকে বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার (বাকেরগঞ্জ উজিরপুর ও বানারীপাড়া সার্কেল) আনোয়ার সাঈদ মঙ্গলবার সকালে থানায় এসে ওই দুই আসামীকে জিঙ্গাসাবাদ করেন।

 

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান, ফেন্সিডিলসহ আটককৃতরা জিঙ্গাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। এদিকে মঙ্গলবার দুপুরে চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার সোহাগের ফার্মেসীতে তালাবদ্ধ করে দিয়েছেন।