• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বৃষ্টি থাকবে আরও ৩ দিন, সতর্কতা সংকেত বহাল

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯, ১৩:৪৭ অপরাহ্ণ
বৃষ্টি থাকবে আরও ৩ দিন, সতর্কতা সংকেত বহাল

বিডি ক্রাইম ডেস্ক ॥

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে নগরে আরও তিনদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বহাল রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দেখানো তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।

শনিবার (২৭ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এতে উপকূলীয় এলাকা, বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় তিনদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে শনিবার চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (নূন্যতম ৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কাও রয়েছে।