স্টাফ রিপোর্টার ॥
আগামী ২৫ জুলাই বরিশাল জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (বাবুগঞ্জ) উপ-নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। নির্বাচনে মোট প্রার্থী ৪ জন।
ভোটার সংখ্যা ৮০ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আওয়ামী লীগের রিফাত জাহান তাপসী, যুবলীগের মাইনুল হোসেন পারভেজ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সফিউল আযম সফিক ও আজিজুল ইসলাম বাবুল।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের একটি মাত্র কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে নিরপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারা না পারা নিয়ে ভোটারদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।
একটি মহল ভোটকেন্দ্র দখল করে ভোটারদের কাছ থেকে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে সিল দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে একাধিক সূত্রে জানাগেছে। পাশাপাশি প্রকাশ্যে ভোট দেখিয়ে দিতে ভোটারদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে ওই মহলটি। তারা আগামী ২৫ তারিখের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনমূলক কর্মকা-ের পরিকল্পনাও করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
তাই নিরপেক্ষতা বজায় রাখতে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা না লাগালে বহিরাগত কর্তৃক কেন্দ্র দখল করে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্র থেকে বের করে দেবার শঙ্কা রয়েছে। এদিকে সূত্রে জানা গেছে, বিগত দিনে এ ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছিলো।
এসকল বিষয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সফিউল আযম সফিক রিটার্নিং অফিসার, নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত আবেদনও করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।