• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জীবনের ঝুঁকি নিয়ে জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি-বিএমপি কমিশনার

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯, ১২:৩৯ অপরাহ্ণ
জীবনের ঝুঁকি নিয়ে জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি-বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট এস এম গোলাম কিবরিয়া মিকেল (৩১) সবার প্রিয় মানুষ ছিলেন। নিষ্ঠাবান ও দায়িত্ব পরায়ন ছিলেন। তিনি সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।

আজ বুধবার (১৭ জুলাই) সকাল ৮ টায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে সার্জেন্ট এস এম গোলাম কিবরিয়ার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে কিবরিয়ার স্মৃতিচারণ করে এসব কথা বলেন বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

জানাজায় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান ছাড়াও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বজন, সহকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএমপি কমিশনার বলেন, আমরা জনগণের নিরাপত্তায় থাকি, নিরাপদ সড়কের জন্য কাজ করি। ডিউটিরত অবস্থায় ঘাতকের আঘাতে কিবরিয়ার মৃত্যু হয়েছে। আমাদেরও এভাবে মৃত্যু হতে পারে জেনেও ঝুঁকি নিয়ে জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি। তবে কিবরিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন। তার পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কেউ কিবরিয়ার ব্যবহারে দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন এবং দেনা-পাওনা থাকলে আমাদের বলবেন।

দ্বিতীয় জানাজা শেষে সার্জেন্ট কিবরিয়াকে জন্মভূমি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের উদ্দেেশ নিয়ে যাওয়া হয়। বেলা ১১টায় সুবিদখালী সরকারি রয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পূর্ব সুবিদখালীর সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হবেন কিবরিয়া। যেখানে তার দাদা-দাদির কবর রয়েছে।

গত সোমবার (১৫ জুলাই) সার্জেন্ট গোলাম কিবরিয়া বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনকালে কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হন। পরে, মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।