• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কার্যালয়ে বসে মাদক সেবন করেন শ্রমিক ইউনিয়নের সম্পাদক

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৫, ২০২১, ১৪:০৬ অপরাহ্ণ
কার্যালয়ে বসে মাদক সেবন করেন শ্রমিক ইউনিয়নের সম্পাদক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ নাটোরে নিজের অফিসে বসে মাদক সেবনের সময় জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলোচিত সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ১২ মাদকসেবীকে গ্রেফতারের দাবি করেছে র্যাব।

বুধবার গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, কোম্পানি উপঅধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে শহরের মাদ্রাসা মোড় ও বলারীপাড়া মহল্লায় জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়সহ দুই স্থানে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব।

এ অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে ধরা পড়া ব্যক্তিদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করা হলে ১২ জনের পজিটিভ রিপোর্ট আসায় তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলোচিত সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আকরাম হোসেন, শহরের কানাইখালী মহল্লার যুবক মো. সৌরভ, বড় হরিশপুরের মো. আকাশ, মো. শফিকুল ইসলাম, মো. রনি, মো. আল আমিন, মো. মোজাম্মেল হক, ডাঙ্গাপাড়ার মো. কামরুল ইসলাম, আঘদীঘা কাঠাখালীর মো. হাফিজুল ইসলাম, মো. রানা খাঁ, মো. ইজাজুল ইসলাম ও চকবৈদ্যনাথ চামড়াপট্টি এলাকার মো. শান্ত।