• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

এবার শিক্ষার্থীদের কাঁধে হাঁটলেন স্কুলের জমিদাতা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০১৭, ০৮:০৮ পূর্বাহ্ণ
এবার শিক্ষার্থীদের কাঁধে হাঁটলেন স্কুলের জমিদাতা

এবার জামালপুরে স্কুলের শিক্ষার্থীর কাঁধের ওপর পা রেখে হেঁটেছেন ওই স্কুলে জমিদাতা।গত রোববার (২৯ জানুয়ারি) ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে।

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের কোমলমতি শিশুছাত্রদের কাঁধে চড়ে হাঁটেন ওই স্কুলের জমিদাতা দিলদার হোসেন ওরফে প্রিন্স। ছাত্রদের কাঁধে দিলদার হোসেনের হেঁটে যাওয়ার ছবি গতকাল বুধবার রাতে ফেইসবুকে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে জেলাজুড়ে তোলপাড়।

খোঁজ নিয়ে জানা গেছে, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে ওই বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানবসেতু নির্মাণ করে। এর ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি ও বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন।

ফেইসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি বাঁশ হাতে নিয়ে শুয়ে মানবসেতু নির্মাণ করেছে। দিলদার ওই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি যেন পড়ে না যান, এ জন্য দুপাশ থেকে দুজন ব্যক্তি হাত ধরে তাঁকে সহযোগিতা করছেন। কেউ কেউ ওই দৃশ্যের ছবি তুলছেন। এর চার দিকে স্কুলের ছাত্র ও অন্য দর্শনার্থীরা দৃশ্যটি দেখছেন।

এ বিষয়ে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছানতুজ্জামান বলেন, ‘ওই দিন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিল। একসঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন শারীরিক কসরত উপস্থাপন করে। সেই সময় শিক্ষার্থীরা মানবসেতু তৈরি করেছিল কি না, আমি জানি না। তবে ওই অনুষ্ঠানে জমিদাতা দিলদার হোসেন অতিথি ছিলেন না।’ বিষয়টি তিনি খোঁজখবর দেবেন বলে ফোনটি কেটে দেন।

এ বিষয়ে দিলদার হোসেনের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ সুপারকে অবহিত করেছি।’

এর আগে, গত সোমবার চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকোমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পিঠকে সেতু বানিয়ে তার ওপর দিয়ে জুতা পায়ে হেঁটে যান প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান নূর হোসেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চেয়ারম্যানের পক্ষেই অবস্থান নিয়ে কথা বলেন।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও স্কুলসংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।আলী আহমদ নামে একজন অভিভাবক বুধবার রাতে নারী ও শিশুনির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।