• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ১১:০৪ পূর্বাহ্ণ
অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই

বিডি ক্রাইম ডেস্ক॥ দীর্ঘদিন অসুস্থ ছিলেন একসময়ের সুপরিচিত অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা। কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ডায়ালাইসিস চলত। অবশেষে গতকাল শনিবার মধ্যরাতে সব রোগ-ভোগের ঊর্ধ্বে চলে গেলেন। গতকাল রাত ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ফেরদৌসী আহমেদ লীনার বয়স হয়েছিল ৬৩ বছর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেন একাডেমির কর্মকর্তা ও নাট্যনির্দেশক আইরিন পারভীন লোপা।

আইরিন পারভীন বলেন, ‘লিনা আপা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল। আপার আত্মার শান্তি কামনা করছি। শিল্পকলা একাডেমিতে দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি যেমন ছিলেন অমায়িক, তেমন ছিল সবাইকে আপন করে নেওয়ার দারুণ ক্ষমতা।’

গতকাল রাতে ফেরদৌসী আহমেদ লীনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা। সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে তারিন, তানভীন সুইটি, রওনাক হাসানসহ শিল্পকলা একাডেমির সাবেক সহকর্মীরা লীনার আত্মার শান্তি কামনা করেন।

ফেরদৌসী আহমেদ লীনা ১৯৭৫ সালে একটি তেলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

এ ছাড়া ফেরদৌসী আহমেদ লীনা বিভিন্ন টিভি চ্যানেলের নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে তাঁর অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলো ‘গুলশান অ্যাভিনিউ’, ধারাবাহিক নাটক ‘ঘটক বাকি ভাই’, ‘নন্দিনী’ ইত্যাদি।