বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় আন্দোলনরতদের ওপর পুলিশ হামলা করেছে এমন দাবি করে এর প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল চারটায় থানার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে থানার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবির মিয়া, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন বাচ্চু মিয়া, জামায়াত নেতা মাওলানা মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মো. মনিরুল ইসলাম, মো. মমিন ভূইয়া, ভোলা উন্নয়ন ফোরাম সমন্বয়কারী মো. রাজিব হায়দার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তানজিল হাওলাদার, মোস্তাফিজুর রহমান শাওন, বোরহানউদ্দিন ফোরামের প্রচার সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তাদের দাবি একটাই- দ্রুত ভোলা-বরিশাল সেতু। ভোলার গ্যাস নিতে হলে এ সেতু নির্মাণ করতে হবে। না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. বিল্লাল পাশা।