• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিসিসি পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ১৮:৫৮ অপরাহ্ণ
বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিসিসি পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের দুই সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মী। রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় নগর ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শ্রম অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সভার মাধ্যমে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়।

তবে ওই গেজেটে উল্লেখ করা হয়, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা কোনো ধরনের উৎসব ভাতা পাবেন না। এতে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। তাদের দাবি, বছরে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে ভাতা না দেওয়া তাদের সঙ্গে চরম অন্যায়।

শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের বেতন ও আসন্ন ঈদুল ফিতরের বোনাসের দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দুই সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাস না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক রহিম মিয়া।

পরিচ্ছন্নতা কর্মী আলেয়া বেগম বলেন, স্বল্প বেতনে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। তার ওপর উৎসব ভাতা না থাকায় ঈদ আনন্দ থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।

আরেক শ্রমিক সাইদুল বলেন, বিষয়টি নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তিনি দুই দিনের সময় চেয়েছেন। তবে এই আশ্বাস বাস্তবায়ন হবে কি না তা নিয়ে শ্রমিকদের মধ্যে সংশয় রয়েছে।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।