বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম না দেওয়ার অভিযোগ তুলে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছেন সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী কাজী মুনিরুল হাসান সহ সাধারণ আইনজীবীরা।
রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে কাজী মুনিরুল হাসান বলেন, বরিশাল জেলা আইনজীবী সমিতি একটি পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন বর্ণ, ধর্ম, গোত্র ও রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও এটি সকল আইনজীবীর প্রাণের সংগঠন। আইনজীবীদের পেশাগত উৎকর্ষতা, আর্থিক নিরাপত্তা এবং আইন অঙ্গনে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমিতির কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
তিনি বলেন, ১৪৬ বছরের ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ এক বছর মেয়াদে সরাসরি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। প্রতি বছরের মতো নির্বাচন–২০২৬ উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে এবং তফসিল অনুযায়ী গত ৫ মার্চ দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণের সময় নির্ধারণ করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, ওইদিন দুপুর ২টা ১৫ মিনিটে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রধান নির্বাচন কর্মকর্তার টেবিলে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহের আগ্রহ প্রকাশ করলে তিনি সহযোগীদের সঙ্গে নিয়ে ফরম সরবরাহ না করে স্থান ত্যাগ করেন। পরে বিকেল সাড়ে ৩টায় পুনরায় প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়েও ফরম সংগ্রহ করতে ব্যর্থ হন। এ সময় তার চেয়ার একজন সিনিয়র আইনজীবীকে বসিয়ে নানা অসংলগ্ন কথা বলা হয় বলেও তিনি অভিযোগ করেন।
কাজী মুনিরুল হাসান বলেন, এতে সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং একদলীয় নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে বলে অনেকেই মনে করছেন।
তিনি আরও বলেন, সাধারণ আইনজীবীরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান, সে জন্য পুনরায় তফসিল ঘোষণা করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি। একই সঙ্গে বরিশাল জেলা আইনজীবী সমিতির হারানো গৌরব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী দেলোয়ার হোসেন দিলু, আনোয়ার হোসেন মিজান, মাইনুদ্দিন দীপ্তি, ইকবাল আজাদ, গোলাম ফারুক ডাবলু ও সজল মাহমুদসহ অন্যান্য আইনজীবীরা।