বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে আট সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্যাডেল চালিত রিকশা চালকরা।শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভ সমাবেশে রিকশা চালকরা বলেন, বরিশালে ব্যাটারি চালিত রিকশা দিন দিন বাড়ছে। ফলে নগরীর জুড়ে দীর্ঘ যানজটসহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে।
নগরীর সদর রোডসহ আটটি সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না। তাদের দাবি মানা না হলে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন রিকশা শ্রমিকরা। তাদের দাবি, রোজায় এখন তারা ২০০ টাকাও আয় করতে পারছেন না।
এ সময় তারা নগরীর সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডসহ আট সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মো. চান মিয়া, দুলাল, আলমগীর হেসেন, শাজাহান মিয়াসহ আরও অনেকে।
এদিকে রিকশাচালকদের বিক্ষোভে সাধারণ মানুষ ও ব্যাটারিচালিত রিকশার মাধ্যমে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা যোগ দেন।