• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে গণধর্ষণের শিকার লেগুনার কিশোরী যাত্রী

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০১৯, ১৬:১৯ অপরাহ্ণ
বরিশালে গণধর্ষণের শিকার লেগুনার কিশোরী যাত্রী

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

বানারীপাড়ায় এক কিশোরী যাত্রী রাতভর লেগুনা গাড়ির দুই চালক সহ তিন লম্পটের গণধর্ষণের শিকার হয়েছে।এ ন্যক্কারজনক ঘটনায় ধর্ষক লেগুনা চালক রাজ্জাক (৩৫) কে আটক ও ধর্ষিতাকে উদ্ধার করে পুলিশে দিয়েছে জনতা।

লম্পট রাজ্জাক বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের আফসার উদ্দিনের ছেলে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাঁওখালী গ্রামের নৌকায় ভাসমান সব্জি বিক্রেতা প্রতিবন্ধী আ.বারেকের মেয়ে ধর্ষিতা কিশোরী (১৫) জানান সে পয়সারহাটের খালা বাড়িতে দু’দিন বেড়ানো শেষে মঙ্গলবার সন্ধ্যায় বিশারকান্দি থেকে লেগুনা গাড়িতে চড়ে বানারীপাড়ার বিশারকান্দি-শিয়ালকাঠি সড়কের সীমান্তবর্তী নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা তালুকদার উলা খেয়া ঘাট হয়ে নিজ বাড়ি গাঁওখালী গ্রামে যাওয়ার উদ্দেশ্যে পয়সারহাট থেকে ট্রলারে বিশারকান্দি আসে।

তার কাছে গাড়ি ভাড়া না থাকায় সে বিশারকান্দি লেগুনা স্ট্যান্ডে চালক রাজ্জাককে মামা ডেকে তার কাছে ভাড়া না থাকার বিষয়টি তাকে জানায়। লম্পট রাজ্জাক বিনা ভাড়ায় তাকে বৈঠাঘাটা তালুকদার উলা খেয়াঘাটে নামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গাড়িতে তুলে গন্তব্যে না নামিয়ে পাশ্ববর্তী বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন তার চাচাতো ভাই রশিদের বাড়ির পরিত্যক্ত ঘরে নিয়ে ভয়ভীতি প্রদর্শণ করে তাকে ধর্ষণ করে। পরে রাত ১০ টার দিকে জনতা বাজার থেকে অপর লেগুনা গাড়ির চালক মাসুমের গাড়িতে তাকে তুলে দেয় রাজ্জাক।

বিশারকান্দি গ্রামের লম্পট মাসুম ওই কিশোরীকে বৈঠাঘাটা তালুকদার উলা খেয়াঘাটে না নামিয়ে বিশারকান্দি লেগুনা ষ্ট্যান্ডের একটি কক্ষে নিয়ে অপর এক সহযোগী সহ রাতভর ধর্ষণ করে। ভোররাতে মাসুম গণধর্ষিতা ওই কিশোরীকে বৈঠাঘাটা তালুকদার উলা খেয়াঘাটে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়।

ওই কিশোরীকে খেয়াঘাটে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তার কাছ থেকে গণধর্ষণের বিষয়টি জানতে পারেন। বুধবার ভোরে ওই কিশোরীর প্রথম ধর্ষক রাজ্জাক ওই স্থান থেকে যাত্রী সহ গাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন।

বিষয়টি বানারীপাড়া থানার ওসি জানতে পেরে লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুজিত কুমার বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠান। তিনি গিয়ে ধর্ষক রাজ্জাক ও ধর্ষিতা কিশোরীকে থানায় নিয়ে আসেন।

পুলিশি জিঙ্গাসাবাদে লেগুনা চালক লম্পট রাজ্জাক ওই কিশোরীকে ধর্ষণের কথা অকপটে স্বীকার করেছেন।

এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও অভিযুক্ত লেগুনা চালক মাসুমসহ অপর দুই জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।