ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার মাত্র কয়েকঘন্টার মাথায় শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নলছিটির খাসমহল এলাকায় হাদির বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোররাতে নামাজের উদ্দেশ্যে বের হলে শরীফ ওসমান হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পান। সন্দেহ হলে তাদের দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।
শরীফ ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই সেদিন বিকালেই ঢাকায় রওনা দেন পরিবারের সদস্যরা। কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে ঢোকে। কী পরিমাণ মালামাল নেওয়া হয়েছে, তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’
নলছিটি থানার ওসি আরিফুল আলম জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, একটি জানালা ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে ওসমান হাদির বাড়িতে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এদিকে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় হাদিকে দুর্বৃত্তরা গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে একটি অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখে তাকে পাঠানো হয় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। হাদির জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।