• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

‘স্যার ব্যাগের মধ্যে বাচ্চা কানতেছে’

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৭:৪৪ অপরাহ্ণ
‘স্যার ব্যাগের মধ্যে বাচ্চা কানতেছে’

অনলাইন ডেস্ক ॥ ‘স্যার, ব্যাগের মধ্যে বাচ্চা কানতেছে।’ পথশিশুর মুখে এমন বার্তা পেয়ে বিস্মিত হলেন পুলিশের এএসআই হামিদুল ইসলাম।

দৌড়ে গেলেন কাজীর দেউড়ি মোড়ের ভিআইপি টাওয়ারের বিপরীতে সার্কিট হাউসের সীমানা প্রাচীর ঘেরা ফুটপাতে। ফুটফুটে শিশুটিকে বুকে তুলে নিলেন। তারপর সোজা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

এএসআই হামিদুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা চারজন ডিউটি করছিলাম। এমন সময় দৌড়ে এসে এক পথশিশু খবর দিল। আমরা ছুটে গেলাম। সীমানা প্রাচীরের ভেতরে একটি চটের ব্যাগে শিশুটিকে কে বা কারা ফেলে গেছে। একটু একটু কান্না করছিল।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, পুলিশের মাধ্যমে উদ্ধার হওয়া শিশুটিকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরী বলেন, প্রফেসর শারমিন ও ডা. পারমিতা শিশুটিকে প্রথম জরুরি চিকিৎসাসেবা দিয়েছেন। প্রায় আধঘণ্টার মতো শিশুটি ব্যাগের মধ্যে বন্দী ছিল। স্বাভাবিকভাবে তিন মাসের একটি শিশুর জন্য এটি কঠিন পরিস্থিতি ছিল। অনেক ধকল সইতে হয়েছে ছোট্ট শিশুটিকে। তাকে সুস্থ ও স্বাভাবিক করার জন্য যা কিছু করার দরকার আমরা করবো। বিষয়টি চমেক হাসপাতালের পরিচালককে অবহিত করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বজনদের খোঁজ করা হচ্ছে।