আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নিজামীরা এই দেশকে রক্তাক্ত প্রান্তরে পরিণত করেছিল। নৌকায় ভোট দেয়ার অপরাধে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে ছারখার করে দিয়েছিল। সকল ব্যবসা ব্যাণিজ্য বন্ধ করে দিয়েছিল। মায়ের সামনে মেয়েকে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছিল। আমাদের হাত-পা কেটে দিয়েছিল, চোখ উপড়ে ফেলেছিল। সেই বিএনপি জামায়াতের বিরুদ্ধে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন প্রতিরোধ গড়ে তুলো। সেই প্রতিরোধ গড়ে তুলেছিল সর্বপ্রথম আওয়ামী যুবলীগ। প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই খালেদা নিজামী তারেকের পতন ঘটেছিল।
বৃহস্পতিবার বিকালে নওগাঁ জেলা শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি মানুষের অধিকার আদায়ে যুবলীগকে রাজপথে থাকার আহ্বানও জানান। নানক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মোহনী নেতৃত্ব সারা বিশ্বের বাঙালী জাতির মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করেছে।’
নওগাঁ জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. খোদাদাদ খান পিটুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্থানীয় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক ও নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এ কে এম ফজলে রাব্বী। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।