বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল নাহিয়ান নাহিদ (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার (৪ মার্চ) রাতে বানারীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌরসভার মাদ্রাসা রোডের লুৎফা ভিলার ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে নাহিদ রমজানে তারাবির নামাজের সময় একই এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া নিহালের ছেলে রেদোয়ান কাঈফের সঙ্গে দুষ্টামির ছলে জানালার থাই গ্লাসের লক লাগানো নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে রেদোয়ানের মা ক্ষুব্ধ হয়ে নাহিদ ও তার বন্ধুদের বকাঝকা করেন।
পরে নাহিদ ও তার বন্ধুরা সেখান থেকে চলে যায়—কেউ নামাজে, কেউ বা নিজ নিজ বাসায়। এ ঘটনার পর রেদোয়ানের মা বাড়ির মালিক মো. মজিবুর রহমান ও তার পুত্রবধূকে বিষয়টি জানান। পরে তারা বের হয়ে নাহিদ ও তার বন্ধুদের বাসায় গিয়ে অভিযোগ করেন। অভিযোগের পাশাপাশি নাহিদ ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে বলে নাহিদের বন্ধুরা দাবি করেছে।
এ ঘটনার পর নাহিদের বাবা-মাও তাকে বকাঝকা করেন। পরিবারের দাবি, প্রতিবেশীদের অপমান ও ঘটনার চাপে নাহিদ মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের সদস্যরা তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে ফাঁস খুলে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই হাসপাতালে নেমে আসে শোকের মাতম।
নিহত আল নাহিয়ান নাহিদ বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুল-এর ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিল।
ছোটবেলা থেকেই সে পড়াশোনায় মনোযোগী ছিল বলে জানায় তার পরিবার। তিন ভাইয়ের মধ্যে নাহিদ ছিল বড়। নাহিদের বাড়ি পটুয়াখালী সদর উপজেলা-এর কমলাপুর ইউনিয়নের দরান্দি গ্রামে।
তার বাবা জাকির হোসেন একটি এনজিওতে কর্মরত হওয়ায় পরিবারসহ তারা বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির লুৎফা ভিলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ছেলের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।