বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ দলীয় সিদ্ধান্তে প্রায় দেড় বছর স্থগিত থাকার পর আবারও সাংগঠনিক দায়িত্বে ফিরলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন। শনিবার (২২ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের ১১ আগস্ট তার ওপর আরোপিত দলীয় সব পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে শিরীন আবারও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বলা হয়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাড. বিলকিস জাহান শিরীনের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তিনি দায়িত্ব পালনে পুনর্বহাল থাকবেন।
দলীয় সূত্র বলছে, স্থগিতাদেশের সময় তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সাংগঠনিক কার্যক্রমে ছিলেন না। তবে মাঠপর্যায়ের বিভিন্ন নেতা–কর্মীর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। পুনর্বহালের এই সিদ্ধান্ত বরিশাল বিভাগে দলীয় কার্যক্রমে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অপরদিকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল জেলার বিভিন্ন ইউনিটের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২২ নভেম্বর বুধবার এ আদেশ কার্যকর করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়— গত ০৮ এপ্রিল হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মোঃ মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহ–সভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাড়ি, বরিশাল জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং বরিশাল মহানগর ৩০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ জাহিদ-কে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত নেতাকর্মীদের আবেদন এবং পর্যালোচনান্তে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।