• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১৮:৪৯ অপরাহ্ণ
হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শামীম আহমেদ ॥ ২০১৩ সালে দায়ের হওয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে ৯ বছর পর গ্রেফতার করেছে বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ।

বৃহষ্পতিবার (২৩ ফেব্রয়ারি) দুপুরে গ্রেফতার হওয়া রাকিব হাওলাদার (৪২) কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এরআগে তাকে আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মহিউদ্দিন মঈন।

তিনি জানান, গ্রেফতার রাকিব হাওলাদার বরিশালের উজিরপুর উপজেলার দামুদারকাঠি এলাকার নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একজন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ২০১৩ সালে মামলাা হয়। যে মামলায় তার যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত। তবে সে দীর্ঘ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো।

এছাড়া উজিরপুর মডেল থানায় দায়ের হওয়া অপর একটি চুরি মামলাতেও ২০১৫ সালে আদালত কর্তৃক ১ বছরের কারাদন্ড প্রাপ্ত হন রাকিব। পাশাপাশি গৌরনদী মডেল থানায় ২০২০ সালে দায়ের হওয়া অপর একটি মারামারি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। এ তিন মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিলো।

তবে কখনো সে বরিশাল নগরে, কখনো গৌরনদী, কখনো উজিরপুর, কখনো মাদারীপুর কিংবা ঢাকাসহ বিভিন্ন জায়গায় পালিয়ে থাকায় দীর্ঘদিন তাকে গ্রেফতার করা যায়নি। সর্বোশেষ তথ্য প্রযুক্তির ব্যবহারে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই।